সালমানের পর “বয়কট” শাহরুখও

আপডেট : ০৭ অক্টোবর ২০১৪, ০১:২৭

কিছুদিন বাদেই মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘হ্যাপি নিউ ইয়ার’। সিনেমার প্রচারে ভারতের চেন্নাইয়ে আয়োজন করা হয়েছিল একটি সংবাদ সম্মেলনের। কিন্তু নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর হাজির হন শাহরুখ খান, দিপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, সোনু সুদ, বোমান ইরানি এবং ভিভান শাহ।

তাদের কেউ কিংবা অনুষ্ঠান আয়োজকদের কেউ রাত ৮টা পযর্ন্ত বসে থাকা সাংবাদিকদের তাদের দেরির কারণ জানাননি। এমনকি শোনা যাচ্ছে যে, এক পিআর কর্মকর্তা মন্তব্য করেন যে, ঠিক সময়ে এসেই ভুল করেছেন সাংবাদিকরা।
 
এতে উপস্থিত সাংবাদিকরা ভীষণ ক্ষুব্ধ হন এবং সম্মেলন বয়কট করার সিদ্ধান্ত নেন। এমনকি শাহরুখ খানের বিশেষ সাক্ষাৎকার দেওয়ার আশ্বাসও কোনো কাজে দেয়নি।
কিং খানের দেরি করে আসার ঘটনা এটাই প্রথম নয়। শাহরুখ খানের সঙ্গে ২০১২ সালে এক সাক্ষাৎকার দেওয়ার সময় পরিচালক ইয়াশ চোপড়া ঠাট্টার ছলে বিষয়টি তুলে ধরেছিলেন।
এদিকে ‘কিক’ এর প্রচার চলাকালে দেহরক্ষীদের বাজে ব্যবহারের কারণে সালমান খানকে বয়কট করেন চিত্র সাংবাদিকরা। যদিও বিষয়টিকে খুব একটা পাত্তা দেননি সালমান। বরং একটি শীর্ষ দৈনিকে ছাপা বয়কটের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেন সালমান। সেই সঙ্গে এও বলেন, তিনি খুবই খুশি হবেন যদি সাংবাদিকরা তাদের অবস্থান ধরে রাখতে পারে।