বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আলোচনা ও সংলাপে বসতে শেখ হাসিনার সদিচ্ছা নেই। হাসিনাকে এই মুহূর্তেই পদত্যাগ করতে হবে। আর পদত্যাগ না করলে আমরা বিপুল বেগে আন্দোলনের মাধ্যমে তাদের উচ্ছেদ করতে মাঠে নামব। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।
রিজভী বলেন, আমাদের আন্দোলন চলছে। আমরা রাজপথে আছি, থাকব।
তিনি বলেন, আওয়ামী লীগ ভোটারবিহীন নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর আমরা বারবার অনুরোধ করেছি সংলাপ ও আলোচনার জন্য। আসলে কি তিনি বাংলা কথা বোঝেন না? না বুঝতে চান না? এই দেশ জনগণের কথায় চলবে। তাই অবিলম্বে জনগণের কথা চিন্তা করে সরকারের এখনই পদত্যাগ করতে হবে।
রিজভী বলেন, ভোটারবিহীন সরকারের কোনো হিংস্র পরিকল্পনা কাজে আসবে না। এই সরকারের কোনো নৈতিকতা নেই। সরকার শুধু দেশেই নয়, আন্তর্জাতিকভাবেও নৈতিকতা হারিয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ছিলেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, গণ ও শিক্ষা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ তালুকদার, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ।
