বিএনপি’র আন্দোলন মোকাবেলার জন্য আওয়ামী লীগের আগাম প্রস্তুতির কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আন্দোলন কোনো দিনই আলোর মুখ দেখবে না, তাই আন্দোলন মোকাবেলায় আওয়ামী লীগেরও আগাম প্রস্তুতির কোনো প্রয়োজন হবে না।
তিনি বলেন, যে আন্দোলনের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই, সেই ধরনের কর্মসূচি বাস্তবায়ন সম্ভব না। বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে ষড়যন্ত্রের পথ খুঁজছে।
মঙ্গলবার বিকেলে কুষ্টিয়া পিটিআইরোডে তার নিজ বাসভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে দলীয় নেতা কর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা বার বার বলেছি বিএনপি’র আন্দোলনের কর্মসূচির সঙ্গে জনগণের কোন সম্পর্ক নেই। যে কর্মসূচিতে জনগণের কোন সম্পর্ক নেই, সেই ধরনের কর্মসুচি কোনদিন বাস্তবায়ন করা সম্ভব হবে না। বর্তমান সরকারের প্রতি জনগনের আস্থা অনেক বেশি, তাই এ সরকারের বিরুদ্ধে আন্দোলন করে কোন ফল লাভ হবে না এটা বিএনপি নেত্রীবৃন্দ জানেন, বেগম খালেদা জিয়াও জানেন।
