দৈনিক বণিক বার্তার ব্যবস্থাপনা সম্পাদক গোলাম ফারুককে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কুশমাইল গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ফারুকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারওয়ার, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশের) সভাপতি মনজুরুল আহসান বুলবুল, দৈনিক সকালের খবরের সম্পাদক মোজাম্মেল হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল, বিজবাংলা মিডিয়া লিমিটেডের চেয়ারম্যান এম এ মঈন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মাহবুব আনাম, দৈনিক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ ও গোলাম ফারুকের পরিবারের সদস্যরা।
সোমবার রাত ৯টার দিকে কুশমাইলে নিজ বাড়িতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে গোলাম ফারুককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাতেই ময়মনসিংহ থেকে ফারুকের মরদেহ ঢাকায় নিয়ে আসা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার মরদেহ কারওয়ান বাজারে নিজ কর্মস্থল দৈনিক বণিক বার্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

গোলাম ফারুক ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলেম উদ্দিনের দ্বিতীয় ছেলে। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন। বণিক বার্তার আগে দৈনিক সমকালে ফিচার সম্পাদক ও এবিসি রেডিওতে প্রধান প্রযোজক হিসেবে কাজ করেছেন গোলাম ফারুক। বিনোদন সাময়িকী আনন্দভুবনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। দৈনিক ভোরের কাগজেও কাজ করেছেন তিনি।