গাজীপুরে পৃথক ঘটনায় দুই খুন

আপডেট : ০৮ অক্টোবর ২০১৪, ১৭:২৫



গাজীপুরে পৃথক ঘটনায় দুটি খুন হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর মহানগরীর উত্তর বিলাশপুর এলাকায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক যুবক ও মঙ্গলবার রাতে মহানগরীর দক্ষিণ খাইলকৈর এলাকায় কেরাম বোর্ড খেলা নিয়ে প্রতিপক্ষের ঘুষিতে অপর এক ব্যক্তি নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর দুইটার দিকে গাজীপুর মহানগরীর উত্তর বিলাশপুর এলাকার জনৈক আমানের বাড়ির পাশে কতিপয় দুর্বৃত্তর বিল্লাল (২৪) নামের এক যুবককে উপর্যপুরি কুপিয়ে আহত অবস্থায় ফেলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের শরীরের দুই হাতের কনুইয়ের উপরে এবং কোমরে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের বাড়ি শহরের পশ্চিম বিলাশপুর এলাকায়। তার পিতার নাম আব্দুল খালেক। তিনি জানান, কারা তার ছেলেকে কুপিয়ে হত্যা করেছে তা তার জানা নেই। তবে পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
অপর দিকে মহানগরীর দক্ষিণ কাইলাকৈর এলাকায় স্থানীয় মোতালেব হোসেনের ছেলে জাহাঙ্গীর কবীর ও একই এলাকার সজিব, দিদার, লিমন মঙ্গলবার রাতে বাড়ির পাশে কেরাম বোর্ড খেলছিলেন। খেলা নিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। এ খবর শুনে মোতালেব ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে ঘুষি মারে। এতে ঘটনাস্থলেই মোতালেবের মৃত্যু হয়। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।