সাম্প্রতিক সময়ে বড় মূলধনী ও উচ্চ মূল্যে থাকা কোম্পানির শেয়ারের চেয়ে স্বল্প মূল্যের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। তাই নিম্ন দরে থাকা শেয়ারে বিনিয়োগের প্রবণতা দেখা যাচ্ছে। বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, দুই মাস ধরে বড় মূলধনী কিছু কোম্পানির শেয়ারে ঊর্ধ্বগতি থাকলেও ব্যাংক, বীমা ও বস্ত্র খাতের শেয়ার দর হারায়। এতে সর্বনিম্ন দরে নেমে আসে এসব খাতের বেশির ভাগ কোম্পানির শেয়ার। গত সপ্তায় এ চিত্র কিছুটা পাল্টেছে।
বড় মূলধনী ও উচ্চ মূল্যের যেসব শেয়ারের দর অস্বাভাবিক হারে বেড়েছিল, গত সপ্তাহ থেকে সেসব শেয়ারে মুনাফা তুলে নেয়ার প্রবণতা দেখা গেছে। অন্যদিকে অনেক দিন ধরে মন্দায় থাকা বীমা, ব্যাংক ও বস্ত্র খাতের শেয়ারের চাহিদা গত সপ্তাহে কিছুটা বেড়েছে। ফলে গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে বীমা খাতের। জীবন বীমা ও সাধারণ বীমা কোম্পানির গড় মূল্য এ সময় প্রায় ১০ শতাংশ বেড়েছে। এছাড়া ব্যাংক ৬ দশমিক ৬ শতাংশ ও বস্ত্র খাতের বাজার মূলধন প্রায় সাড়ে ৩ শতাংশ বেড়েছে।
ডিএসইর খাতওয়ারি পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহে বীমা খাতের ৪৬ কোম্পানির মধ্যে ৪৫টির দর বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির। গত সপ্তাহে এ কোম্পানির শেয়ারদর প্রায় ৪০ শতাংশ বেড়েছে। এছাড়া তাকাফুল ইন্স্যুরেন্স ১৬ দশমিক ৬৭ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্স ১৬ দশমিক ৪২ ও প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ৪৫ শতাংশ দর বেড়েছে। একই সময়ে ব্যাংকিং খাতের ৩০ কোম্পানির সবগুলোর শেয়ারের দর বেড়েছে। সবচেয়ে বেশি দর বেড়েছে ব্যাংক এশিয়ার শেয়ারের। গত সপ্তাহে এ শেয়ারের দর ২১ শতাংশেরও বেশি বেড়েছে। এছাড়া বস্ত্র খাতের ৩৬ কোম্পানির মধ্যে ৩৩টির দর বেড়েছে। এ খাতের কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ২১ শতাংশ দর বেড়েছে এনভয় টেক্সটাইলের।
