চলতি অক্টোবর ও আগামী নভেম্বর মাসে তিনটি কোম্পানি প্রাথমিক গণ প্রস্তাবের (আইপিও) আবেদন ও টাকা জমা নিবে। কোম্পানি তিনটি হচ্ছে- ন্যাশনাল ফিড মিল লিমিটেড, সিএন্ড এ টেক্সটাইলস লিমিটেড এবং ইফাদ অটোস লিমিটেড।
জানা গেছে, ন্যাশনাল ফিড মিল আগামী ২৪ অক্টোবর থেকে আইপিও’র আবেদন জমা নেওয়া শুরু করবে। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। তবে প্রবাসী বাংলাদেশিরা আবেদন পৌঁছানোর জন্য ৮ নভেম্বর পর্যন্ত সময় পাবে। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৮০ লাখ শেয়ার ছাড়বে। এর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করবে ১৮ কোটি টাকা। সংগৃহীত অর্থ দিয়ে উত্পাদন ক্ষমতা বাড়াবে কোম্পানিটি।
সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেডের আবেদন শুরু হবে আগামী ৯ নভেম্বর। আবেদন করা যাবে ১৩ নভেম্বর পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এই সুযোগ থাকবে ২২ নভেম্বর পর্যন্ত। কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ৪ কোটি ৫০ লাখ শেয়ার ছেড়ে ৪৫ কোটি টাকা সংগ্রহ করবে।
ইফাদ অটোসের আইপিওর আবেদন শুরু হবে আগামী ২৩ নভেম্বর। আবেদন করা যাবে ২৭ নভেম্বর পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এই সুযোগ থাকবে ৬ ডিসেম্বর পর্যন্ত। কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার ছেড়ে ৬৩ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করবে। অভিহিত মূল্য ১০ টাকার সঙ্গে ২০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। পুঁজিবাজার থেকে সংগৃহীত অর্থে কোম্পানিটি ব্যবসা সমপ্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ বাবদ ব্যয় করবে।
