ঈদুল আজহার পর ৪৮ ঘণ্টা শেষ হতে চললেও রাজধানীর বিভিন্ন সড়কে এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে কোরবানির পশুর বর্জ্য। বিভিন্ন মহল্লার রাস্তায় রাস্তায় দুইদিন আগে কোরবানি দেয়া পশুর বর্জ্য থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।
ঈদের আগে ঢাকা সিটি করপোরেশন থেকে ঘোষণা দেয়া হয়েছিল, ৪৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে। এজন্য ১৩ হাজার পরিচ্ছন্নকর্মী নিয়োগ করা হয়েছে। তারা কাজ শুরু করলেও বুধবার বিকেল পর্যন্ত স্তুপকৃত বর্জ্য অপসারণ হয়নি। এ সব বর্জ্য থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে বলেও অভিযোগ বিভিন্ন এলাকার বাসিন্দাদের।
ঈদের দিন ছাড়াও ঈদের পরের দিন গত মঙ্গলবার এবং বুধবারও রাজধানীর বিভিন্ন এলাকায় নতুন করে পশু কোরবানি দেয়া হয়েছে। এসব পশুর বর্জ্য এখনো রাস্তায় পড়ে আছে। যে কারণে বর্জ্যের গন্ধে মানুষ বাসা থেকে বের হতে পারছে না। অনেকে বর্জ্যের দুর্গন্ধে বাসায়ও থাকতে পারছে না। অনেক এলাকায় কোরবানির পশুর নাড়ীভুড়ি, মল, রক্তসহ নানা প্রকার বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে আছে।
