ইনচন এশিয়ান গেমসে অ্যাথলেট ভিলেজ থেকে পালিয়ে যাওয়া সাত অ্যাথলেটের খোঁজে এখন ব্যস্ত রয়েছে দক্ষিণ কোরিয়ান পুলিশ কর্তৃপক্ষ। পুলিশ সূত্রে বুধবার এই তথ্য পাওয়া গেছে। এই সাতজনের মধ্যে একজন বাংলাদেশি ছাড়াও তিনজন নেপাল, দুইজন শ্রীলংকার ও একজন ফিলিস্তিনি অ্যাথলেট রয়েছে।
পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পালিয়ে যাওয়া অ্যাথলেটদের সম্পর্কে তথ্য উদ্ধারের জন্য আমরা দক্ষিণ কোরিয়ার যে সমস্ত এলাকায় এই দেশগুলোর বেশীরভাগ মানুষ কাজ করে সেই জায়গাগুলোতে খোঁজ চালাচ্ছি।
উল্লেখ্য এশিয়ান অধিবাসীরা রাজধানী সিওলের আশেপাশে তিনটি স্যাটেলাইট শহরে মূলত বসবাস করে। শহরগুলো হচ্ছে ইনচন, বুচেন এবং আনসান। কর্মকর্তাটি আরো জানিয়েছেন যখন আমরা তাদেরকে খুঁজে পাব তখনই আমরা তাৎক্ষণিকভাবে দেশ ছেড়ে যাবার নির্দেশ দিব। যেহেতু তাদের ভিসার মেয়াদ আগামী ১৯ অক্টোবর পর্যন্ত রয়েছে। তাই এই সময়ের মধ্যেই আমরা তাদেরকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছি।
এর আগেও এশিয়ান গেমসের মতো ক্রীড়া আসরগুলো থেকে খেলোয়াড় পালিয়ে যাবার রেকর্ড রয়েছে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার মতো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ দেশগুলোতে এই ধরনের ঘটনা অহরহ ঘটে থাকে। আর এর পিছনে দক্ষিণ এশিয়ান দেশগুলোই মূলত দায়ী।
২০০২ সালে বুসান এশিয়ান গেমসে এই অঞ্চল থেকে ১৬জন খেলোয়াড় অবৈধভাবে পালিয়ে গিয়েছিল। প্রতি বছর দক্ষিণ কোরিয়ান সরকার ভিয়েতনাম এবং ফিলিস্তিত ছাড়াও দক্ষিণ এশিয়ান দেশগুলো থেকে প্রচুর বিদেশী শ্রমিকদের ভিসা দিয়ে থাকে। এর বাইরেও প্রায় দুই লক্ষ বিদেশী শ্রমিক বিভিন্ন শিল্প কারখানায় অবৈধভাবে কর্মরত রয়েছে। খবর এএফপির।
