সচিবালয়ে অপেক্ষারত সাংবাদিকদের কৌশলে এড়িয়ে গেলেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বৃহস্পতিবার সচিবালয়ে প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করেও তার দেখা পাননি সাংবাদিকরা। লতিফ সিদ্দিকীর বিষয়ে সর্বশেষ পদক্ষেপ জানতে দল এবং সরকারের গুরুত্বপূর্ণ এই ব্যক্তির অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা।
বৃহস্পতিবার সকালে আশরাফ সচিবালয়ে যান। এ সময় মন্ত্রীর সাক্ষাৎ পেতে বেলা সাড়ে ১১টা থেকে অপেক্ষা শুরু করেন সাংবাদিকরা। মন্ত্রী নিজের কক্ষে সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ছিলেন। ওই কক্ষের বাইরেই ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীরা। বেলা ১টার দিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোমিনুল হক সাংবাদিকদের জানান মন্ত্রী কথা বলবেন। কিন্তু কিছুক্ষণ পর মন্ত্রী দরজা দিয়ে বেরিয়ে চলে যান ভবনের মাঝ বরাবর অন্য লিফটের দিকে। সাংবাদিকরা কিছু বুঝে ওঠার আগেই আটতলা থেকে সরাসরি নিচে নেমে যান তিনি।
