‘হুমকীতে সরকার চিন্তিত নয়, মেয়াদ শেষে সংলাপ’

আপডেট : ১০ অক্টোবর ২০১৪, ১৭:৩৯

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, গত ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নিয়ে বিএনপি জোট চরম ভুল করেছে। আন্দোলনের নামে তারা এখন ভুল সংশোধনের লক্ষ্যে নেতা-কর্মীদের চাঙ্গা রাখার ব্যর্থ চেষ্টা করছে, কিন্তু এতে তারা সফল হবে না। তিনি বলেন, সরকারের মেয়াদ শেষের আগে এখনই কোন সংলাপ নয়, আগামী নির্বাচনের আগে সংলাপ হতে পারে।
মন্ত্রী শুক্রবার কুমিল্লা সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
বিএনপির আন্দোলন ও মধ্যবর্তী নির্বাচন প্রসঙ্গে খাদ্যমন্ত্রী আরো বলেন, আন্দোলনের চরিত্র বিএনপি’র মাঝে নেই। নেতা-কর্মীদের চাপে এখন তারা আন্দোলনের কথা বলছে। এসব করে বিএনপি সফল হবে না। সরকারের উন্নয়ন কর্মকা- বাধাগ্রস্ত করার চেষ্টায় বিএনপি লিপ্ত রয়েছে দাবি করে মন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনকারী দল নয়, সুবিধাবাদী দল। তাই তাদের আন্দোলনে সরকার চিন্তিত নয়। তারেক জিয়ার স্ত্রী দেশে আসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, সে দেশে এসে কোথায় কিসে যুক্ত হবে এ নিয়ে সরকারের চিন্তার সময় নেই। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মনিরুজ্জান, পিপি অ্যাড. মজিবুর রহমান, জিপি অ্যাড. জাফরুল হাসান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন প্রমুখ।