সিরিয়ায় ৫৭ জঙ্গি নিহত

আপডেট : ১০ অক্টোবর ২০১৪, ১৭:০৪



সিরিয়ায় নুসরা ফ্রন্টের ৫৭ বিদ্রোহী-জঙ্গিকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট এই জঙ্গি গোষ্ঠি বৃহস্পতিবার আল-কালামুন অঞ্চলে অনুপ্রবেশের চেষ্টা চালালে সিরীয় সেনাবহিনীর হামলার মুখে পড়ে।

চলতি বছরের প্রথমভাগে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হেজবুল্লাহ’র সহায়তায় সিরীয় বাহিনী আল-কালামুন অঞ্চলের সব শহর ও গ্রাম থেকে এই উগ্র মৌলবাদী গোষ্ঠীটির সদস্যদের বিতাড়িত করতে সক্ষম হয়েছিল। সশস্ত্র এই বিদ্রোহী-জঙ্গি গোষ্ঠী নুসরা ফ্রন্টের সদস্যরা আল-কালামুনের অনুর্বর পাহাড়ি অঞ্চলে আস্তানা গেড়ে সম্প্রতি ছোট পরিসরে হামলা শুরু করেছিল। কিন্তু সিরীয় বাহিনী তাদের সব আস্তানা গুঁড়িয়ে দিয়েছে। সিরীয় বাহিনী দেশটিতে বিভিন্ন বিদ্রোহী-জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বিরামহীন লড়াই চালিয়ে যাচ্ছে। এসব গোষ্ঠীর মধ্যে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীও রয়েছে।