বাংলাদেশে জঙ্গিদের আস্তানা গাড়তে দেব না: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

আপডেট : ১০ অক্টোবর ২০১৪, ১৮:০২
 
 
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশে জঙ্গিদের আস্থানা গাড়তে সুযোগ দেয়া হবে না। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের ভেতর দিয়ে বন্ধু প্রতিম দেশ ভারতে আক্রমণ করবে এটাও আমরা হতে দেব না। শুক্রবার দুপুরে পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন শেষে জিরো পয়েন্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
তিনি বলেন, ভারতে যে জঙ্গিরা বোমা বিস্ফোরণে নিহত হয়েছে তারা যে বাংলাদেশি সে বিষয়ে অফিসিয়ালি ভারতের পক্ষ থেকে জানানো হয়নি। ভারতীয় কর্তৃপক্ষ জানালে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।
এ সময় মন্ত্রী খুব শিগগিরি বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট চালু করার  আশ্বাস দেন। 
এ সময় মন্ত্রীর সাথে ছিলেন, পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সাবেক সাংসদ মজাহারুল হক প্রধান, বিজিবির রংপুর অঞ্চলের রিজিওনাল কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল লতিফুল হায়দার, ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল আকরামুল হক, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন, পুলিশ সুপার আবুল কালাম আজাদ প্রমুখ।
এর আগে সকালে তিনি বাংলাবান্ধা জিরো পয়েন্টে উপস্থিত হলে ভারতীয় বিএসএফের শিলিগুড়ি রেঞ্জের ডিআইজি অখিল দিক্ষিত তাকে স্বাগত জানিয়ে শিলিগুড়ি জেলার ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পে নিয়ে যান। সেখানে মন্ত্রী বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে তিনি ভজনপুর হাইওয়ে থানা উদ্বোধন করেন। বিকেলে সার্কিট হাউজে জেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভায় যোগদান করেন।
বিকেলে তিনি নব নির্মিত বোদা থানা ভবনের শুভ উদ্বোধন করেন। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। পুলিশ সুপার আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন, রংপুর রেঞ্জের ভারপ্রাপ্ত ডিআইজি হুমায়ুন কবির ও জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন।