বল ছোঁয়ার সুযোগ পাবে না মেসি: নেইমার

আপডেট : ১০ অক্টোবর ২০১৪, ২০:২৯



আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের বিষয়ে ব্রাজিলের অধিনায়ক নেইমার বলেছেন, ‘মেসি বল ছোঁয়ার সুযোগ পাবে না। আমরা আশা করব দিনটি তার ভালো যাবে না।’ চিরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে খেলতে নামার আগে প্রতিপক্ষ দলের অধিনায়ককে এভাবে আঘাত করাটা নিতান্তই স্বাভাবিক বলে মনে হতে পারে। কিন্তু এ ক্ষেত্রে নেইমার সেই কাজটি করেননি। বরং আর্জেন্টাইন অধিনায়ক মেসিকে বিশ্বের সেরা খেলোয়াড় বলেই মূল্যায়ন করেছেন। উপরের উক্তিটি করেছেন মজা করে।
আগামীকাল সন্ধ্যায় বেইজিংয়ে মুখোমুখি হচ্ছে নেইমারের ব্রাজিল ও মেসির আর্জেন্টিনা। এই ম্যাচ সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে নেইমার বললেন, ‘তার (মেসির) বিপক্ষে খেলাটা সম্মানের। তিনি বিশ্বের সেরা ফুটবলার।’
তবে শেষমেষ জয়ের আশায় করছেন নেইমার। বলেছেন, ‘‘একজন গ্রেট (মেসি) খেলোয়াড়ের বিরুদ্ধে খেলতে নামার আগে আমরা খুবই সতর্ক। আমরা তাকে ভাবার মতো কোনো সুযোগ দিতে চাই না। তাহলে তিনি কিছু করতে পারবেন না। আমরাই জিতব!’’