জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর হামলা: ৩ বাংলাদেশি আহত

আপডেট : ১০ অক্টোবর ২০১৪, ১৯:২৯
 
মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে জাতিসংঘ মিশনে নিয়োজিত শান্তিরক্ষীদের একটি কনভয়ের ওপর বিদ্রোহীদের অতর্কিত হামলায় তিন বাংলাদেশি শান্তিরক্ষী আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৫ মিনিটে জাতিসংঘ ফোর্স হেডকোয়ার্টার থেকে ফেরার পথে মিনুস্কার একটি ট্রানজিট ক্যাম্পের প্রায় দেড় কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ১৮ বীরের সৈনিক মো. ইকবাল হোসেনকে দ্রুত মপোকো ক্যাম্পে ফরাসী হাসপাতালে স্থানান্তর করা হয়। তার বাড়ি সাতক্ষীরা জেলার মুকুন্দপুর গ্রামে। তার পিতার নাম মো. গোলাম মোস্তফা। অপর দুইজনকে বাংলাদেশ মেডিক্যাল (ব্যানমেড) হাসপাতালে চিকিত্সা প্রদান করা হয়েছে। এ দুইজনের মধ্যে ২৯ বীরের সৈনিক জসিম উদ্দিনের বাড়ি বরগুনা জেলার সালিয়া থানার নালটোনা গ্রামের। তার পিতার নাম মো. হাসান আলী। অপরজন হচ্ছেন সৈনিক মোয়াজ্জেম হোসেন। তিনি ঝালকাঠির মুরাফাতা গ্রামের আবদুল মালেকের ছেলে। তাদের সকলের অবস্থা এখন ভাল।

উল্লে­খ্য, একই ঘটনায় একজন পাকিস্তানি শান্তিরক্ষী নিহত এবং পাঁচজন আহত হয়। কনভয়টির সাথে মিনুস্কা এর ডেপুটি ফোর্স কমান্ডার বাংলাদেশের মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ছিলেন। তিনি অক্ষত রয়েছেন। সূত্র- আইএসপিআর।