দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

আপডেট : ১১ অক্টোবর ২০১৪, ১২:৪৯
 
রাষ্ট্রপতি আবদুল হামিদ পবিত্র হজ পালন করার পর সৌদি আরব থেকে শুক্রবার রাতে দেশে ফিরেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফাইটে রাষ্ট্রপতি রাত ৯টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম এই তথ্য জানিয়েছেন। খবর: বাসসের।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, কূটনৈতিক কোরের প্রধান সাহের মুহাম্মাদ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ-বিন-নাসের-আল-বুসাইরী, তিন বাহিনীর প্রধানগণ এবং সংশ্লিষ্ট উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে স্বাগত জানান।
রাষ্ট্রপতি বিমানে যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন।
সৌদি আরব ত্যাগ করার আগে রাষ্ট্রপতি মহানবী হযরত মুহাম্মাদ (সা.)-এর রওজা মোবারক জিয়ারত করেছেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ সৌদি বাদশাহর রাজকীয় অতিথি হিসেবে পবিত্র হজ পালনের জন্য গত ৩০ সেপ্টেম্বর সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।