শুধু দল ও মন্ত্রিসভা থেকে বাদ দেওয়াই নয়, ইন্টারপোলের মাধ্যমে আব্দুল লতিফ সিদ্দিকীকে বাংলাদেশে ফিরিয়ে এনে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। পবিত্র হজ ও মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির দায়ে লতিফ সিদ্দিকীর শাস্তির দাবিতে শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘স্বাধীনতা ফোরাম’ আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এই দাবি জানান।
রফিকুল মিয়া বলেন, লতিফ সিদ্দিকীকে দেশে ফিরিয়ে এনে আইনের কাছে সোপর্দ করা হবে কি না, এ ব্যাপারে সরকারের বক্তব্য আমরা জানতে চাই। তিনি বলেন, আইনের দৃষ্টিতে সরকারের কালেক্টিভ রেসপনসিবিলিটি অনুযায়ী প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের যে কোনো বক্তব্যের দায় মন্ত্রিসভাকে বহন করতে হবে। একে কোনভাবে পাশ কাটানো যাবে না।
লতিফ সিদ্দিকীর এই বক্তব্য দেওয়ার পেছনে অন্য কারণও থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, তিনি এই বক্তব্য কেন দিলেন, তা বুঝতে হবে। আমরা শুনতে পাই- ইসরাইলের মোসাদ নাকি এই অঞ্চলে জঙ্গিবাদের গন্ধ পাচ্ছে। প্রচারণা চালানো হচ্ছে এই অঞ্চলে ইসলামী ঘাঁটি হচ্ছে। আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- জয়নুল আবদিন ফারুক প্রমুখ।
