পবিত্র ঈদুল আযহা ও দুর্গাপূজার ছুটি শেষে রাজধানীতে পুরোদমে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। মঙ্গলবার ছুটি শেষ হলেও স্বজনদের সান্নিধ্যে আরেকটু বেশি সময় কাটাতে মাঝখানের দুইদিন (বুধ-বৃহস্পতিবার) ছুটি নিয়েছিলেন অনেকে। তাই শনিবার ঢাকামুখী মানুষের ঢল নেমেছিল নগরীর বাস, লঞ্চ টার্মিনাল ও রেলস্টেশনে। রাজধানীর গাবতলী, যাত্রাবাড়ী ও সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা গেছে উপচে পড়া ভীড়। ছুটি শেষে ঢাকায় কর্মরত উত্তর, পূর্ব ও দক্ষিণবঙ্গের মানুষদের ঢল নেমেছে বাসস্ট্যান্ড গুলোতে। মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটের দৌলতদিয়া প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।
এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে এখন ঢাকায় ফেরা মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গা থেকে যাত্রী নিয়ে আসা প্রতিটি লঞ্চ ছিলো কানায় কানায় পূর্ণ। খারাপ আবহাওয়ার কারণে শনিবার বেলা ১১ টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। মাওয়া-কাওড়াকান্দি নৌপথে লঞ্চ ও স্পিডবোট চলাচল শনিবার দুপুর ১টা থেকে বন্ধ থাকে। পদ্মা শান্ত হলে লঞ্চ ও স্পিডবোট চলাচল পুনরায় শুরুর অনুমতি দেয়া হবে বলে বিআইডব্লিওটিএ কর্মকর্তারা জানিয়েছেন।
ঢাকামুখী ট্রেনগুলোতেও ভিড় দেখা গেছে। দেশের বিভিন্নস্থান থেকে ছেড়ে আসা ট্রেন বিলম্বে কমলাপুরে পৌঁছায়। রংপুর থেকে ছেড়ে আসা রংপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় সকাল সোয়া ৬টা। কিন্তু চার ঘণ্টা দেরিতে কমলাপুরে প্রবেশ করে। দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনটির পৌঁছানোর নির্ধারিত সময় সকাল সোয়া সাতটা। ট্রেনটি ৬ ঘন্টা বিলম্বে কমলাপুরে প্রবেশ করে।
