কৃষকদের জন্য ২৪ কোটি টাকার কর্মসূচি

আপডেট : ১২ অক্টোবর ২০১৪, ১৮:১৪
 
আগামী রবি মওসুমে দেশের ২৬ জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য প্রায় ২৪ কোটি টাকার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা দেবে সরকার।
সাম্প্রতিক সময়ে উজানের ঢলের পানিতে প্লাবিত হয়ে ক্ষতিগ্রস্ত ১৪টি জেলার ৮৬ হাজার ৪৭৫ জন কৃষককে পুনর্বাসন এবং দক্ষিণাঞ্চলের ১২টি জেলার ১ লাখ ১৮ হাজার ৫৪০ জন কৃষককে প্রণোদনা কর্মসূচির মাধ্যমে সহায়তা প্রদান করা হবে।
রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। মন্ত্রী বলেন, ইতোমধ্যে পুনর্বাসন ও প্রণোদনা প্রদান কর্মসূচির কাজ শুরু করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ের জন্য বাজেট বরাদ্দ থেকেই এ কর্মসূচির অর্থ ব্যয় করা হবে। এ জন্য কোন অতিরিক্ত বরাদ্দের প্রয়োজন হবে না।