শেয়ারবাজারে ক্ষুদ্র ও মধ্যম মূলধনী কোম্পানি দর বৃদ্ধিতে এগিয়ে

আপডেট : ১২ অক্টোবর ২০১৪, ১৮:১৮
 
শেয়ারবাজারে ঈদ উল আজহার আগের দর বৃদ্ধির ধারাবাহিকতা ঈদের পরও অব্যাহত রয়েছে। রবিবার ঈদের ছুটির পর প্রথম লেনদেন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৯৬ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএসইএক্স বেড়ে আড়াই বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। লেনদেন বিশ্লেষণ করে দেখা গেছে, গতকাল ডিএসইতে ক্ষুদ্র ও মধ্যম মূলধনী কোম্পানিগুলো দর বৃদ্ধিতে এগিয়ে ছিল। লেনদেনে এগিয়ে ছিল ব্যাংক, জ্বালানি ও বস্ত্র খাত।
আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, ক্ষুদ্র মূলধনী কোম্পানিগুলোর শেয়ারদর গতকাল বেড়েছে ২ দশমিক ৬০ শতাংশ। মধ্যম মূলধনী কোম্পানিগুলোর শেয়ারদর বেড়েছে ২ দশমিক ১০ শতাংশ। আর বড় মূলধনী কোম্পানিগুলোর শেয়ারদর অনেকটাই স্থিতিশীল ছিল, বেড়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। লেনদেন বিশ্লেষণে দেখা গেছে, জ্বালানি, ব্যাংক ও বস্ত্র খাতের কোম্পানিগুলোতে লেনদেন হয়েছে ডিএসই’র মোট লেনদেনের ৪৬ শতাংশেরও বেশি। এর মধ্যে ব্যাংকিং খাতের শেয়ারের দর বেড়েছে ৫ দশমিক ৩০ শতাংশ।
তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৯৬ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৩৪ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএস-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে এক হাজার ৯৯৮ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৯১৫ কোটি ৩৫ লাখ টাকা। যা আগের কার্যদিবসের চেয়ে ২১ কোটি ৬৬ লাখ টাকা কম। লেনদেনকৃত ৩০৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৪৬টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ৩১৩ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৪৪০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬১ কোটি ৯৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৩৫টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৭৩টির কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টি কোম্পানির শেয়ারের।