ফখরুলসহ ৬৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৫ নভেম্বর

আপডেট : ১২ অক্টোবর ২০১৪, ২০:২৮
 
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে পল্টন ও শাহবাগ থানায় দায়েরকৃত দু’টি মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৭ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের শুনানি পিছিয়ে আগামী ৫ নভেম্বর পুনর্নিধারণ করেছেন আদালত। গতকাল রবিবার মামলা দু’টির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল।
মামলার অন্যতম আসামি ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিব কারাগারে আটক আছেন। তাকে রবিবার কারা কর্তৃপক্ষ আদালতে হাজির না করায় চার্জ শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন জানান আসামিপক্ষের আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ। ঢাকার সিএমএম আদালতের বিচারক তারেক মইনুল ইসলাম ভূঁইয়া দু’টি মামলারই সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ৫ নভেম্বর চার্জ শুনানির জন্য দিন ধার্য করেছেন।
গত বছরের ৩ মার্চ গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পল্টন ও শাহবাগ থানায় দ্রুত বিচার আইনে এ মামলা দু’টি দায়ের করা হয়। পল্টন থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আসামি ২৬ জন। শাহবাগ থানার মামলায় স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদসহ আসামির সংখ্যা ৪১ জন। মির্জা ফখরুল ও মওদুদ আহমদ আদালতে উপস্থিত ছিলেন।