লতিফ সিদ্দিকী দলীয় সভাপতিমণ্ডলীর পদও হারালেন

আপডেট : ১২ অক্টোবর ২০১৪, ২৩:৪৩

আবদুল লতিফ সিদ্দিকী ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় তাকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর পদ থেকেও অব্যাহতি দেওয়া হয়েছে রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার রাতে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি আরও বলেন, আওয়ামী লীগে আবদুল লতিফ সিদ্দিকীর প্রাথমিক সদস্য পদও অস্থায়ীভাবে স্থগিত করা হয়েছে। কাল সোমবার এ ব্যাপারে আবদুল লতিফ সিদ্দিকীকে নোটিশ দেওয়া হবে, নোটিশের জবাবের পরই পরবর্তী সিদ্ধান্ত হবে।
সম্প্রতি নিউইয়র্কে তাবলিগ জামাত, হজ নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর সভাপতিমণ্ডলীর সদস্য পদ ও দলের প্রাথমিক সদস্য পদ অস্থায়ীভাবে স্থগিত করা হলো। তবে মন্ত্রীত্ব এবং দলীয় পদ হারালেও সংসদ সদস্যের পদ থাকছে বলে জানিয়েছেন আশরাফ। উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী হজ, তাবলিগ ও জামায়াতে ইসলামীকে নিয়ে বিরূপ মন্তব্য করেন। এরপরই তাঁর এ বক্তব্য নিয়ে সারা দেশে ব্যপক সমালোচনা শুরু হয়।