কলকাতায় আসার খবর ফাঁস হতেই কয়েক ঘণ্টার মধ্যে গোপনে শহর ছাড়লেন অপসারিত টেলি ও যোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। সোমবার ভোরেই তিনি কলকাতার তাজবেঙ্গল হোটেল ছেড়ে চলে যান। জানা গেছে এই মুহুর্তে তিনি কলকাতায় নেই। তবে কোথায় গেছেন তাও জানা জায়নি। কয়েক দিনের মধ্যে তিনি দিল্লি যেতে পারেন বলে একটি সূত্রে জানা গেছে। সূত্রটি জানিয়েছে, দিল্লিতে তিনি ভারতের প্রভাবশালী কয়েকজন মন্ত্রীর সঙ্গে যোগাযোগের জন্য দরবার করতে চাইছেন। ইচ্ছে রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করারও।
গতকাল রবিবার বিকেলে আবদুল লতিফ সিদ্দিকী দিল্লি হয়ে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছিলেন। অবস্থান করেছিলেন কলকাতার হোটেল তাজবেঙ্গলের বিলাস বহুল একটি সুইটে। কিন্তু সোমবার ভোরেই তিনি তড়িঘড়ি হোটেলটি ছাড়েন।
সংশ্লিষ্ট সুত্রের খবর, তার কলকাতায় আগমন গোপনীয় রাখতে চেয়েছিলেন লতিফ সিদ্দিকী। ইচ্ছে ছিল পরিস্থিতি শান্ত হলে তবে কলকাতা থেকে ঢাকায় ফিরবেন। কিন্তু তার কলকাতায় আসার খবর ফাঁস হতেই কয়েক ঘণ্টার মধ্যে শহর ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। কলকাতায় নিজের ঘনিষ্ঠ মহলে লতিফ সিদ্দিকী বলেছেন ঢাকায় কবে ফিরবেন তা পরে জানিয়ে দেবেন। আপাতত তিনি পরিস্থিতির ওপর নজর রাখছেন। তবে এখন কিছু দিন তিনি প্রচার মাধ্যমের আড়ালে থাকতে চান। তাই নিজের অবস্থান গোপনীয় রাখতে কলকাতা ছাড়লেন তিনি। মন ভালো নেই। তাই আপাতত পাহাড়ি এলাকার মনোরম পরিবেশে কয়েকদিন থাকবেন। তার পর সেখান থেকে দিল্লি যাবেন।
