রেলপথ মন্ত্রীর বিয়ের কারণে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হকের ঘর ভাঙার’ উপক্রম হয়েছে। রেলপথ মন্ত্রীর নামের সঙ্গে তার নামের মিল থাকায় তাকে এ বিড়ম্বনার মুখে পড়তে হচ্ছে।
সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অনির্ধারিত আলোচনার একপর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেলপথ মন্ত্রী মুজিবুল হকের বিয়ের খোঁজ-খবর জানতে চান। তখন রেলপথ মন্ত্রী জানান, তাঁর বিয়ে ডিসেম্বর থেকে এগিয়ে অক্টোবরে এসেছে। বাকি সব ঠিকঠাকই আছে।
এ সময় কারা কারা বিয়ের বরযাত্রী হচ্ছেন, তা-ও জানতে চান প্রধানমন্ত্রী। তখন আবার রেলমন্ত্রীর বক্তব্য নিয়ে বৈঠকে উপস্থিত অপর মন্ত্রী-প্রতিমন্ত্রীরা ব্যাপক হাসাহাসি শুরু করেন। ঠিক এই সময়ে একই নামের শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক (চুন্নু) প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমার একটি কথা আছে। বিয়ে করছেন রেলপথ মন্ত্রী আর সংসার ভাঙছে আমার। এ সময় প্রধানমন্ত্রী চুন্নুর কাছে বিস্তারিত জানতে চান। চুন্নু বলেন, রেলমন্ত্রীর বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্র ও কানাডা থেকে তার আত্মীয়-স্বজন ও পরিচিতজনরা ফোন করে ‘দ্বিতীয় বিয়ের’ কারণ জানতে চেয়েছেন। তার স্ত্রীকেও অনেকে ফোন করেছেন; ৬০ বছর বয়সে স্বামীর দ্বিতীয় বিয়ের কারণ জানতে চেয়েছেন। দুজনের নামই মুজিবুল হক হওয়ায় এই বিড়ম্বনা। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবাই হাসতে শুরু করেন। শ্রম প্রতিমন্ত্রী চুন্নু হাসতে হাসতে রেলমন্ত্রীর উদ্দেশে বলেন, আমার সংসার ভাঙলে কিন্তু আপনার খবর আছে। জবাবে রেলমন্ত্রীও পাল্টা রসিকতা করে বলেন, আপনি দূরে দূরেই থাকেন। এ সময় মন্ত্রিসভার সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে যায় বলে বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী জানান। প্রসঙ্গত, জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য চুন্নুর স্ত্রী রোকসানা কাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব।
