দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল : মায়া

আপডেট : ১৩ অক্টোবর ২০১৪, ২০:৩৭
 
দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনায় সারাবিশ্বে একটি রোল মডেল হিসেবে বিবেচিত হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণের ফলে প্রাকৃতিক দুর্যোগে জানমালের ক্ষয়ক্ষতি আমরা কমিয়ে আনতে সক্ষম হয়েছি।
মন্ত্রী সোমবার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৪ পালন উপলক্ষে ওসমানী স্মৃতি মিলনায়তেন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াজেদ বক্তব্য রাখেন।
মায়া বলেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘূর্ণিঝড়ে জানমালের ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে। ২০০৯ সালে ঘূর্ণিঝড় আইলায় ১৯০ জন লোক প্রাণ হারায়। অথচ গতবছরে ঘূর্ণিঝড় মোহাসেনে মাত্র ১৭ জন লোক প্রাণ হারিয়েছে।
মন্ত্রী বলেন, ১৯৯৭ সালে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্ট্যান্ডিং অর্ডার প্রণয়ন করি এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকা- গতিশীল করতে ২০১০ সালে সময়োপযোগী করতে এটিতে সংশোধনী আনা হয়।
তিনি বলেন, সরকার ২০১০-২০১৫ সাল পর্যন্ত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন, ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনা নীতি-২০১১ ও দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ প্রণয়ন করেছে।
মায়া বলেন, ঘূর্ণিঝড়ের সময়ে জনগণের জীবন ও সম্পত্তি রক্ষায় ৪ হাজার ৩৮০টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে এবং প্রতিবছর একশ’ আশ্রয়ন কেন্দ্র নির্মাণ করা হবে।
মন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ ভয়াবহ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এই ঝুঁকি বিবেচনা করে বাংলাদেশকে তিনটি ভূমিকম্প জোনে বিভক্ত করা হয়েছে এবং ভূমিকম্প ঝুঁকি প্রশমনে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম নগরীর জন্য ভূমিকম্প জোন মানচিত্র তৈরি করা হয়েছে। ভূমিকম্পের সময়ে জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ছয়টি নগরীর জন্য মাইক্রোজেনেশন ম্যাপ তৈরির কাজ প্রক্রিয়াধীন রয়েছে।
পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর বলেন, অতিরিক্ত কার্বন নিঃসরণে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় পরিবেশের জন্য হুমকি সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, বিশ্বব্যাপী আবহাওয়া পরিবর্তনের সৃষ্ট বিরূপ প্রভাবের কারণে সৃষ্ট বিশ্বের ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি।
পরিবেশ মন্ত্রী আরো বলেন, প্রায় প্রতিবছর বাংলাদেশকে প্রাকৃতিক ও মানব সৃষ্ট পরিবেশ বিপর্যয় মোকাবেলা করতে হচ্ছে। তিনি বাংলাদেশকে দুর্যোগ মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে সরকার এবং বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি কাজ করতে সকল স্তরের জনগণের প্রতি আহবান জানান।
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও আজ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০১৪ পালিত হয়। এ উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংগঠন দুযেৃাগ ব্যবস্থাপনা সম্পর্কে জনগণকে সচেতন করতে র‌্যালি, আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচিসহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে।