ঢাকায় মেট্রোরেল ডিপো : অভিজ্ঞতা নিতে সৈয়দপুরে বিশেষজ্ঞ দল

আপডেট : ১৪ অক্টোবর ২০১৪, ০০:৪৪

ঢাকার উত্তরায় মেট্রোরেলের ডিপো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে একটি কারখানাও নির্মাণের পরিকল্পনা রয়েছে। মেট্রোরেল ডিপো ও কারখানা পরিচালনা, তদারকি ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা নিতে একটি বিশেষজ্ঞ দল সোমবার দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেছে।

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) নূর আহম্মেদ হোসেন জানান, ঢাকায় মেট্রোরেল চালুর পাশাপাশি এর রক্ষণাবেক্ষণ, পরিচালন এবং মেরামতের বিষয়টিও খতিয়ে দেখছে সরকার। বিশেষজ্ঞ দলটি সৈয়দপুর রেলওয়ে কারখানায় ক্যারেজ রিপিয়ারিং, পেইন্ট, মিলরাইট ও টুলরুম শপ পরিদর্শন করেছে। এসবে কীভাবে কোচ মেরামত ও রক্ষণাবেক্ষণ হচ্ছে তা প্রত্যক্ষ করেছে ওই প্রতিনিধিদলটি। দলের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত সচিব ও মেট্রোরেল প্রকল্পের পরিচালক (পিডি) মোফাজ্জেল হোসাইন।