বিয়ে করতে দেশে এসে খুন হলেন প্রবাসীকে

আপডেট : ১৪ অক্টোবর ২০১৪, ১৮:১৭
 
 ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রবিউল মিয়া (২৮) নামে এক প্রবাসী দেশে বিয়ে করতে এসে খুন হয়েছেন। তিনি উপজেলার পূর্বভাগ ইউনিয়নের কল্লরপাড় গ্রামের মৃত রহমত আলীর ছেলে।  পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আজগর আলী (৪০) ও তার স্ত্রী উড়েনা বেগমকে (৩০) গ্রেফতার করেছে।  মঙ্গলবার ময়না তদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, পূর্বভাগের কল্লরপাড় গ্রামের রবিউল ও আজগর আলী দুবাইয়ে একই সঙ্গে থাকতেন। সেখানে থাকার সময় আজগর আলী রবিউলের কাছ থেকে দুই লাখ টাকা ধার নেয়। দেশে ফিরে ওই টাকা ফেরত চায় রবিউল। এ নিয়ে গ্রামে একাধিকবার  বৈঠকও হয়েছে। টাকা দেয়ার কথা বলে মুঠোফোনে  সোমবার রাতে রবিউলকে বাড়িতে ডেকে নেয় আজগর আলী। এনিয়ে উভয়ে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে। তখন আজগর আলী ও তার পরিবারের লোকজন রবিউলকে বেদম মারধর করে। স্বজনরা রবিউলকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে পুলিশ সোমবার রাতেই আজগর আলী ও তার স্ত্রী উড়েনা বেগমেকে গ্রেফতার করেছে।
২০ সেপ্টেম্বর দুবাই থেকে রবিউল বিয়ে করার উদ্দেশ্যেই মূলত দেশে আসে বলে তার পরিবারের লোকজন জানায়।
নাসিরনগর থানার ওসি জানায়, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। রবিউলের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।