বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করার জন্য সরকারকে লিগ্যাল নোটিস দিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাইকোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মশিউর মালেক| মঙ্গলবার ওই আইনজীবী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবকে এ লিগ্যাল নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, ‘বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমান তার লিখিত ‘জিয়াউর রহমান-ফার্স্ট প্রসিডেন্ট অব বাংলাদেশ’ বইয়ে মিথ্যা কাল্পনিক ও ভুল তথ্যাবলি উল্লেখ করেছেন।
নোটিশে বলা হয়েছে, তারেক গত ২৯ সেপ্টেম্বর লন্ডনের ইয়র্ক হলে এক বক্তৃতায় বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, শেখ মুজিব বঙ্গবন্ধু নন, তিনি ছিলেন পাকবন্ধু, শেখ মুজিব ছিলেন পাকিস্তানের নাগরিক, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না।’ তিনি স্বাধীনতা ঘোষণা করেননি।
লিগ্যাল নোটিশে তারেক রহমানের বক্তব্যকে স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এর মাধ্যমে দেশের স্বাধীনতা, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস এবং ওই যুদ্ধে বঙ্গবন্ধুর অবদানকে প্রশ্নবিদ্ধ, বিকৃত ও অস্বীকার করার চেষ্টা করা হয়েছে বলে দাবি করা হয়।
এধরনের সকল কার্যক্রমের মাধ্যমে রাষ্ট্রের স্বাধীনতা ও স্বাধীনতা সংগ্রামকে অস্বীকার করা হয়েছে, যা বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ এবং তারেক রহমান রাষ্ট্রদ্রোহের অপরাধ করেছেন বলে নোটিশ দাতা উল্লেখ করেছেন।
নোটিশদাতা নোটিশ পাওয়ার ৩ দিনের মধ্যে তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রুজু করে ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করার উদ্যোগ নিতে বলা হয়েছে। অন্যথায় পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।
