চার মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার জন্য পুরোপুরি প্রস্তুতি সেড়ে নিয়েছেন উরুগুয়ের বিতর্কিত ফুটবলার লুইস সুয়ারেজ। আর বার্সেলোনার হয়ে চলতি মাসেই এল ক্ল্যাসিকোতে তার ফেরার অপেক্ষায় এখন কাতালান সমর্থকরা। রিয়াল মাদ্রিদকে মোকাবেলা করার জন্য সুয়ারেজ এখন পুরো প্রস্তুত বলেও ইঙ্গিত দিয়েছেন বার্সেলোনার স্পোর্টস পরিচালক আনডোনি জুবিজারেটা।
বিশ্বকাপে প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড়ের দায়ে চার মাসের নিষেধাজ্ঞার খড়গে পড়েছিলেন সুয়ারেজ। আর তাই সতীর্থরা যখন মৌসুম শুরু করেছেন তখন লিভারপুল থেকে এবারের মৌসুমে দলে নেয়া তারকা এই স্ট্রাইকারের জন্য অপেক্ষায় থাকতে হয়েছে কাতালানদের। কিন্তু অচিরেই সেই প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। স্প্যানিশ টেলিভিশনে তেমন ইঙ্গিতই দিয়েছেন জুবিজারেটা, ‘আশা করছি লুইস এনরিকে তার সব খেলোয়াড়কেই ক্ল্যাসিকোর আগে দলে পাচ্ছে। এখন পর্যন্ত সুয়ারেজকে ছাড়া আমরা মৌসুমের শুরুটা ভালভাবেই করেছি। আমি তাকে যতটুকু জানি তাতে আশা করছি বার্নাব্যুতে খেলার জন্য সে পুরোপুরি প্রস্তুতি। সুয়ারেজ নিজেও জানে এই মুহূর্তে সে কি অবস্থায় আছে এবং তার সামনে কি পরিস্থিতি অপেক্ষা করছে। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সমর্থকরাও তার অপেক্ষায় আছে। সে নিজেও ভুল বুঝতে পেরেছে। দলের মধ্যেই আমরা তাকে সহযোগিতা করার জন্য মুখিয়ে আছি।’
পেপ গার্দিওলার অধীনে ক্লাবের অভাবনীয় সাফল্য সকলের জানা। নতুন কোচ লুইস এনরিকের অধীনে বার্সা এখনো সেই সাফল্য থেকে বেশ খানিকটা দুরে রয়েছে। তবে লা লিগায় সাত ম্যাচে মাত্র দুই পয়েন্ট হারানো বার্সেলোনা বর্তমানে লীগে টেবিলের শীর্ষেই রয়েছে। রিয়াল তাদের থেকে চার পয়েন্ট পিছিয়ে আছে। আগামী ২৫ অক্টোবর বার্নাব্যুতে দলদুটি মুখোমুখি হবার আগের দিন সুয়ারেজের শাস্তির মেয়াদ শেষ হচ্ছে। গত মৌসুমে সবকটি বড় শিরোপা হাতছাড়া হওয়া বার্সেলোনা এবার পুনরায় ফিরে আসতে মুখিয়ে আছে। যদিও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার কিংবা গোল যাদুকর লিয়নেল মেসি কেউই নিজের সেরা ফর্মে নেই।
