বৈশ্বিক উদ্যোক্তা অ্যাওয়ার্ড পেলেন মুহাম্মদ ইউনূস

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ০৯:৫৫

সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ’র তত্ত্বাবধানে শতবার্ষিকী তহবিলের (সেন্টেনিয়াল ফান্ড, সিএফ) আওতায় দ্বিতীয় বৈশ্বিক উদ্যোক্তা পুরস্কার-২০১৪ (জিইএ) পেয়েছেন শান্তিতে নোবেল জয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। পুরস্কার কমিটির মহাসচিব আব্দুল আজিজ আল-মুতাইরি এ বছর জিইএ পুরস্কার জয়ী হিসেবে ড. ইউনূসের নাম ঘোষণা করেন। তিনি জানান, উদ্যোক্তা সংস্কৃতি সমুন্নত রাখার ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ জিইএ অ্যাওয়ার্ড কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল মঙ্গলবার আরব নিউজের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

গত বছর সৌদি আরব, মিসর, জর্দান ও ইয়েমেনের ১৮ জন এই পুরস্কার পেয়েছিলেন। এ বছর ড. মুহাম্মদ ইউনূস ছাড়া আর কারো নাম এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি। চলতি বছর বিশ্বের ৪২টি দেশের ৬শ’ প্রার্থী ছয়টি ক্যাটাগরিতে তাদের কর্মপরিকল্পনা উপস্থাপন করে। এর মধ্যে ‘বেস্ট লিডিং ফিগার’ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন ড. মুহাম্মদ ইউনূস। আল মুতাইরি জানান, এই পুরস্কারের উদ্দেশ্য হলো সৌদি আরব ও বিশ্বের স্বতন্ত্র উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি দেয়া।
ড. ইউনূসের সঙ্গে ডাবলিন সম্মেলনে যাচ্ছে যুব প্রতিনিধি দল

এদিকে, আয়্যারল্যান্ডের ডাবলিনে ওয়ান ইয়ং ওয়ার্ল্ড সম্মেলনে যোগ দিতে ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যাচ্ছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০ তরুণ শিক্ষার্থী। ওয়ান ইয়ং সম্মেলনের আয়োজকদের আমন্ত্রণ ও খরচে আগামীকাল এই ১০ শিক্ষার্থী সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। আগামী ১৮ অক্টোবর ড. ইউনূস সম্মলনে ভাষণ দেবেন।