‘সাবানে হাত ধোয়ার অভ্যাস গড়তে পারলে বেশি শিশুমৃত্যু রোধ সম্ভব’

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ১০:৪২

সারা বিশ্বে পাঁচ বছরের কম বয়সি কোটি কোটি শিশুর মৃত্যুর কারণ ডায়রিয়া ও নিউমোনিয়া। তবে ভালো করে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে পারলে যে কোন প্রতিষেধক টিকা কিংবা চিকিত্সার চেয়ে বেশি শিশু মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। গতকাল মঙ্গলবার ঢাকা রিপোর্টস ইউনিটিতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।

সাবান দিয়ে ধোয়ার ওপর গুরুত্ব দিয়ে আজ ১৫ অক্টোবর উদযাপিত হচ্ছে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’। ২০০৮ সালে আন্তর্জাতিক পরিচ্ছন্নতা বছর হিসেবে জাতিসংঘ এই দিবসের ঘোষণা করে। দিবসটি উদযাপনের মূল উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন দেশের সংস্কৃতির আলোকে সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ার মধ্য দিয়ে সচেতনতা বাড়ানো।

আজ ‘জাতীয় স্যানিটেশন মাস-অক্টোবর-২০১৪’ ও ‘বিশ্ব হাত ধোয়া দিবস-২০১৪’ এর উদ্বোধন হচ্ছে। নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন, বাংলাদেশ সরকারের একটি অগ্রাধিকারমূলক সেক্টর। সকলের জন্য নিরাপদ পানি সরবরাহ ও শতভাগ স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে জাতীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত স্যানিটেশন টাস্কফোর্স গঠন করা হয়, যা এখনো কাজ করে চলছে। তাই বরাবরের মতো এ বছরও অক্টোবর মাসকে ‘জাতীয় স্যানিটেশন মাস’ হিসেবে উদযাপন করা হচ্ছে। পাশাপাশি সারা বিশ্বের সাথে সঙ্গতি রেখে ১৫ অক্টোবর ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ পালিত হচ্ছে। এ বছর অক্টোবর মাসের শুরুতে পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজার ছুটি থাকায় ‘জাতীয় স্যানিটেশন মাস’ ও ‘বিশ্ব হাত ধোয়া দিবস এক সাথে উদযাপন করা হচ্ছে।

সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করেছে বাংলাদেশ ফুড সেফটি নেটওয়ার্ক (বিএফএসএন) ও ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন (এফএও)। দিবসটি উদযাপন উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে— আজ সকাল ৮টায় উন্নয়ন সহযোগী সংস্থা, বেসরকারি সংস্থা, গণমাধ্যমসহ সকলের অংশগ্রহণের জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা। শোভাযাত্রাটি ওসমানী স্মৃতি মিলনায়তনে গিয়ে শেষ হবে। এরপর সকাল ৯টায় ওসমানী স্মৃতি মিলনায়তনের প্রাঙ্গণে কেন্দ্রীয় পর্যায়ে দিবসটি উদযাপনের উদ্বোধন ঘোষণা করা হবে। কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে ৫লাখ ‘স্যানিটেশন ক্যালেন্ডার-২০১৫’ বিতরন করা হবে। কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত সাংবাদিক সম্মেলনে জানানো হয়, আজ হাতিরঝিল এলাকা ‘হাত ধোয়া সম্পর্কিত তথ্য সম্বলিত ব্যানার, ফেস্টুন দ্বারা সাজানো হবে। হাতিরঝিল সংলগ্ন মধুবাগ মাঠে স্কুল শিক্ষার্থীদের সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে এবং রিকশা চালকদের টি-শার্ট পরে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন, ক্যাবের সেক্রেটারি অ্যাডভোকেট হুমায়ন কবীর ভূঁইয়া, প্রোগ্রাম কো-অডিনেটর আহমেদ একরামুল্লাহ, শিশউকের নির্বাহী পরিচালক শফিউল মিল্লাত মোরশেদ, বিসেফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মহিদুল হক খান প্রমুখ।