হজ নিয়ে কটূক্তি করে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। ধার্য দিনে আদালতে হাজির না হওয়ায় ঢাকার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান বুধবার এই আদেশ দেন।
২৩ নভেম্বরের মধ্যে গ্রেফতারি পরোয়ানা তামিল করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। লতিফ সিদ্দিকী বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি দেশে না আসলে পরবর্তী পদক্ষেপ হিসেবে সম্পত্তি ক্রোকের আদেশ জারি হতে পারে।
ফৌজদারি দন্ডবিধির ২৯৫ (ক) ও ২৯৮ ধারায় করা এ মামলা আমলে নিয়ে আদালত লতিফকে ১৫ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দেয়। কিন্তু তিনি আদালতে না আসায় বিচারক গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। একইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামি ২৩ নভেম্বর দিন ধার্য করেন।
আদালতসূত্রে জানা গেছে, এ পরোয়ানা সংক্রান্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য লতিফ সিদ্দিকীর গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আগের তারিখে পাঠানো সমন দলীয় কার্যালয় থেকে বিনাজারি হয়ে ফেরত এসেছে।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ঢাকা বারের আইনজীবী শাহ আলম গত ২ অক্টোবর লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে এই মামলা দায়ের করেন। ওই মামলার এজাহারে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানকালীন সময়ে গত ২৯ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটস এ টাঙ্গাইল সমিতি আয়োজিত মতবিনিময় সভায় বক্তৃতার এক পর্যায়ে লতিফ সিদ্দিকী হজ আর তাবলিগ জামাত নিয়ে আপত্মিকর মন্তব্য করেন।
এরপর বিভিন্ন জেলায় দুই ডজনের বেশি মামলা হয় লতিফের বিরুদ্ধে। এর পরিপ্রেক্ষিতে গত ১২ অক্টোবর তাকে মন্ত্রিসভা থেকে অপসারণের প্রজ্ঞাপন জারি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর পদ থেকে অব্যাহতি দেয়া হয়।
