কুমিল্লায় দুদক চেয়ারম্যান

রাজনৈতিক সদিচ্ছা না থাকলে দুর্নীতি দমন সম্ভব নয়

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ১৬:২৮
 
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, রাজনৈতিক অস্থিরতা ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে দুর্নীতি বাড়ছে। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে দুর্নীতি দমন সম্ভব নয়। তিনি আরো বলেন, সরকারের অনুমতি নিয়ে আমরা কোন মামলা করি না। দুর্নীতি দমন কমিশন স্বাধীনভাবে তদন্ত করে মামলা দায়ের করে। কারো আদেশে বা নির্দেশে মামলা শুরু করে না, শেষও করে না।
তিনি বুধবার দুপুরে কুমিল্লা মহানগরীর বীরচন্দ্র নগর মিলনায়তনে দুর্নীতি প্রতিরোধে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, কমিউনিটি পুলিশিং ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা দুর্নীতি দমন কমিশন ও জেলা প্রশাসনের সমন্বয়ে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল।
বিশেষ অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের মহা-পরিচালক (আইন) কামরুল হোসেন মোল্লা, জাস্টিজ রিফর্ম এন্ড করাপশন প্রিভেনশন প্রজেক্টের উপদেষ্টা রিচার্ড মাইলস, হেড অব প্রোগ্রাম প্রমিতা সেন গুপ্ত, চট্টগ্রাম বিভাগের দুদক পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও কমিউনিটি পুলিশিং কুমিল্লার সভাপতি প্রফেসর আমির আলী চৌধুরী।