২ কোম্পানিকে বিএসইসির জরিমানা

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ১৭:০৬
 
 
 
প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলিত অর্থ ব্যবহারে অনিয়ম করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আর্গন ডেনিমস। এর শাস্তিস্বরূপ কোম্পানিটিকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে কোম্পানিটিকে আগামী তিন বছর পুনরায় মূলধন সংগ্রহের অযোগ্য ঘোষণা করা হয়েছে। এ ছাড়া, প্রসপেক্টাস ও কনসেন্ট লেটারের শর্তানুযায়ী আইপিওর অর্থ ব্যবহার না করায় সালভো কেমিক্যালকেও জরিমানা করেছে বিএসইসি।
বিএসইসি জানিয়েছে, আরগন ডেনিমস কর্তৃক আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ কমিশন অনুমোদিত প্রসপেক্টাস ও কনসেন্ট লেটারের শর্ত অনুযায়ী ব্যবহার করেনি। প্রসপেক্টাসের বাইরে কোম্পানিটি কিছু ব্যাংক ঋণ পরিশোধ করেছে। ব্যাংকিং চ্যানেল ছাড়া সরবরাহকারীদের নির্মাণ সামগ্রী ক্রয়বাবদ ২৭ কোটি ৯৪ লাখ টাকা নগদে পরিশোধ করেছে।
এ দিকে, সালভো ক্যামিকেল আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থের মধ্যে ২৬ কোটি টাকার স্থলে ২৪ কোটি টাকা খরচ করেছে। কিন্তু কমিশনে দাখিলকৃত প্রতিবেদনে কোম্পানিটি ২৬  কোটি টাকা খরচ দেখিয়েছে। এ ছাড়া, কোম্পানিটি ২ কোটি ২১ লাখ টাকা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যয় না করে তা নগদে ব্যয় করেছে, যা সিকিউরিটিজ আইন লঙ্ঘন। এ জন্য কমিশন সালভো ক্যামিকেলকে ৫ লাখ টাকা জরিমানা করেছে। পাশাপাশি, আগামী তিন বছর পুঁজিবজার থেকে কোনো ধরনের মূলধন উত্তোলন করতে পারবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিনিয়োগকারীদের শেয়ার ও অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় সিলেট মেট্রো সিটি সিকিউরিটিজ লিমিটেডের (এসএমসিএসএল) নির্বাহী পরিচালক শামীম আহমেদকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি। ভবিষ্যতে তিনি পুঁজিবাজার সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানে কাজ করার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ ছাড়া, তার সব বিও হিসাব পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফ্রিজ থাকবে।