আগামী ৩৬ ঘণ্টার মধ্যে বর্ষা বিদায়

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ১৮:২০



দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে আগামী ৩৬ ঘণ্টার মধ্যে বিদায় নিতে পারে। আগামী ৭২ ঘণ্টায় রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার সকাল নয়টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন পূর্ব-উত্তর প্রদেশে অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে সরে গিয়ে দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় আছে।