যারা সম্মান দেয় না বিদায়ে তারাও সম্মান পাবে না : এমকে আনোয়ার

আপডেট : ১৫ অক্টোবর ২০১৪, ২১:০৫
 
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার বলেছেন, যারা সম্মান দেয় না বিদায়ে তারাও সম্মান পাবে না । আওয়ামী লীগে সম্মান পাওয়ার মতো যোগ্য কেউ নেই।
মূলত ভাষা আন্দোলনের মাধ্যমেই স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিলো। ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের অন্যতম ভাষা সৈনিক আবদুল মতিন। তাকে রাষ্ট্রীয় সম্মান না জানিয়ে গোটা জাতিকে অপমান করা হয়েছে। একইভাবে পিয়াস করিমের লাশ শহীদ মিনারে রাখতে না দিলে জাতিকে অপমান করা হবে। কারণ পিয়াস করিম গণতন্ত্রের ও দেশের কথা বলতেন।
তিনি  বুধবার জাতীয় প্রেস কাবের ভিআইপি লাউঞ্জে এক নাগরিক প্রতিবাদ সভায় একথা বলেন।
ভাষা সৈনিক মতিন ও ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিমের মৃত্যুর পর যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা না দেয়ার প্রতিবাদে এই সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম।
আবু নাসের মোহাম্মদ রহমতুল্লার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমদ, কলামিস্ট সাদেক খান, আইনজীবি ড. তুহিন মালিক প্রমুখ।