জজ আদালতে গিয়েও জামিন পেলেন না বদি

আপডেট : ১৬ অক্টোবর ২০১৪, ১৮:০৬
 
 
হাকিম আদালতে ব্যর্থ হয়ে জজ আদালতে গিয়েও জামিন পেলেন না সম্পদের তথ্য গোপনের মামলায় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য কারাবন্দি আবদুর রহমান বদি। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক জহুরুল হক বৃহষ্পতিবার তার জামিন আবেদন নাকচ করে দেন।
২০০৮ ও ২০১৩ সালে নির্বাচন কমিশনে দাখিল করা সম্পদের বিবরণে মিথ্যা তথ্য দেয়া এবং জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক খায়রুল হুদা গত ২১ অগাস্ট রাজধানীর রমনা থানায় বদির বিরুদ্ধে এ মামলা করেন। মামলায় বদির বিরুদ্ধে সম্পদের হিসাব বিবরণীতে ১০ কোটি ৮৬ লাখ ৮১ হাজার ৬৬৯ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। বদি গত ১১ সেপ্টেম্বর এ মামলায় হাই কোর্ট থেকে চার সপ্তাহের জামিন পান। ওই জামিনের মেয়াদ শেষে ১২ অগাস্ট নতুন করে জামিন চাইতে মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করেন তিনি। বিচারক মো. মারুফ হোসেন তা নামঞ্জুর করেন। বদির বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় মদদ দেয়ার অভিযোগও রয়েছে।
আদালতে বদির পক্ষে শুনানি করেন তার আইনজীবী মাহফুজুর রহমান লিখন। দুদকের পক্ষে ছিলেন কবির হোসাইন।