জবি ও ঢাবি ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ১৬ অক্টোবর ২০১৪, ১৮:২১
 
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার কমিশনের সহকারী পরিদর্শক মুহাম্মদ মফিজুর রহমানকে বরখাস্ত করেছে দুর্নীতি দমন কশিশন (দুদক)।
রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে গত মঙ্গলবার কমিশনের চেয়ারম্যান মো. বদিউজ্জামানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়।
ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ  বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করার দায়ে তাকে বরখাস্ত করা হয় বলে দুদক সূত্রে জানা যায়।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বাসস’কে এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্রে জানা যায়, ২০১২ সালের ২১ অক্টোবর ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ডিবি পুলিশ মফিজুর রহমানকে গ্রেফতার করে । ওই সময় তার সঙ্গে থাকা ব্যাগ থেকে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ব্যবহৃত আটটি মোবাইল সদৃশ ঘড়ি ও একটি চার্জার জব্দ করা হয়। 
গ্রেফতারের পরের দিন পুলিশ তার বিরুদ্ধে রাজধানীর শাহাবাগ থানায় এ ঘটনায় একটি মামলা করে।
২০১২ সালের ৩০ ডিসেম্বর দুদক (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮ এর ২ (ঝ) বিধির অপরাধে ৩৯ (খ) ও (ছ) বিধিমতে ‘অসদাচরণ’ ও ‘প্রতারণা’র অভিযোগে মফিজুর রহমানের বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা করে কমিশন। 
২০১৩ সালের ২০ জানুয়ারিত মফিজুর রহমান কমিশনে তার জবাব দাখিল করেন। তার জবাব গ্রহণযোগ্য না হওয়ায় বিভাগীয় মামলাটি তদন্ত করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিশনের একজন কর্মকর্তাকে নিয়োগ করা হয়। 
তদন্তে তার বিরুদ্ধে আনা ‘অসদাচরণ’ ও ‘প্রতারণা’র অভিযোগ প্রমাণিত হয় বলে তদন্ত কর্মকর্তা তার প্রতিবেদনে উল্লেখ করেন।
মফিজুর রহমানের লিখিত জবাব এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র পর্যালোচনা এবং তার বিরুদ্ধে দায়েরকৃত ফৌজদারী মামলার নিষ্পত্তি শেষে আজ তাকে বরখাস্ত করা হয়। খবর বাসস।