ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

পোশাক খাতে মজুরি বৃদ্ধিতে এগিয়ে আসতে চায় ক্রেতারা

আপডেট : ১৬ অক্টোবর ২০১৪, ১৮:৫৭
 
এশিয়ার পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ক্রেতাগোষ্ঠী এগিয়ে আসতে আগ্রহী। বিদেশি কিছু শীর্ষ স্থানীয় পোশাক ক্রেতা জানিয়েছে— তারা মজুরি বৃদ্ধিতে সহায়তা করতে চায়। খবর ওয়াল স্ট্রিট জার্নালের।
খবরে বলা হয়েছে— গত সেপ্টেম্বরে হেনস অ্যান্ড মরিজ এবি ও ইন্ডিটেক্সের মতো ইউরোপের শীর্ষ কয়েকটি পোশাক ব্র্যান্ড কম্বোডিয়ার সরকারের কাছে পাঠানো এক বিবৃতিতে জানায়— শ্রমিকদের মজুরি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে তারা স্থানীয় কারখানার মালিকদের এ সহায়তা দিতে আগ্রহী।
চীনে পোশাক শ্রমিকদের মজুরি বাড়ায় বিদেশি ক্রেতারা কম্বোডিয়া ও বাংলাদেশের মতো সস্তা শ্রমের দেশগুলোর দিকে ঝুঁকে পড়ে। কম খরচে পোশাক বানাতে গিয়ে এ দেশগুলোতে ঘটে যায় কয়েকটি বড় দুর্ঘটনা। মজুরি বৃদ্ধির দাবিতে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষও হয়। এ সবের পরিপ্রেক্ষিতে শ্রমিকদের নিরাপত্তা ও উচ্চ মজুরি নিশ্চিত করতে ক্রেতাদের ওপর বৈশ্বিক চাপ আসছে। এ জন্য কিছু ক্রেতাপ্রতিষ্ঠান সহায়তা দিতে আগ্রহী হচ্ছে।
সম্প্রতি উচ্চ মজুরির দাবিতে কম্বোডিয়ায় বিক্ষোভরত গার্মেন্টস শ্রমিকদের ওপর পুলিশ গুলি চালালে তাতে চারজন মারা যায়। বাংলাদেশ সরকার গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৭০ শতাংশ বাড়িয়ে মাসিক ৬৮ ডলারে উন্নীত করে। এতে পোশাক মালিকরা বেশ চাপের মুখে পড়ে যায়। ফলে অনেক ক্ষেত্রেই শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নড়বড়ে হয়ে যাচ্ছে।
খবরে বলা হয়েছে— কম্বোডিয়া ও বাংলাদেশে ক্রেতাদের মধ্যে অন্যতম সুইডেনের এইচঅ্যান্ডএমের মুখপাত্র জানিয়েছে— প্রতিষ্ঠানটি বিশ্বাস করে তারা পণ্যের দাম না বাড়িয়েই শ্রমিকদের উচ্চ মজুরিতে সহায়তা করতে পারবে। সে ক্ষেত্রে ডিজাইন, সরবরাহসহ অন্যান্য বিভাগে তারা ব্যয় কমানোর চেষ্টা করবে। মার্কিন ব্র্যান্ড গ্যাপ জানিয়েছে— তারা এ বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।