পরিবারের সিদ্ধান্ত: পিয়াসের লাশ শহীদ মিনারে নেয়া হবে না

আপডেট : ১৯ অক্টোবর ২০১৪, ১০:১০
 
সরকার সমর্থক কয়েকটি সংগঠনগুলোর প্রতিবাদের মুখে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রাজনৈতিক বিশ্লেষক পিয়াস করিমের লাশ শহীদ মিনারে না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবার। বৃহস্পতিবার বিকেলে প্রয়াতের ভাই লোটাস করিম এ তথ্য জানান।
তিনি বলেন, পিয়াস করিমের গুণগ্রাহীরা তার মরদেহে শেষ শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। এরপর সেখানে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে এত আলোচনা হবে সেটা আমরা আগে বুঝতে পারিনি। যেহেতু শ্রদ্ধা জানানোর জন্যই সেখানে নেওয়ার কথা ছিল সেহেতু এখন বিদ্যমান পরিস্থিতিতে প্রয়াতের অমর্যাদা বা আর আলোচনা-সমালোচনায় যেন না হয়, এই জন্যই পারিবারিকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা পারিবারিকভাবে আর তার মরদেহ শহীদ মিনারে নিতে চাচ্ছি না।
তিনি জানান, পরবর্তিতে শুক্রবার বেলা ১১ টা থেকে ১২ টার মধ্যে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গনে রাখার কথাও হয়েছিল। সেখানেও নেয়া হবে না।
লোটাস করিম বলেন, এখন তার লাশ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা আছে। সেখান থেকে সরাসরি বাসায় আনা হবে। যারা শ্রদ্ধা জানাতে চান, তারা এখানে এসেই জানাবেন।  এতদিন হিমঘরে থাকার কারণে ডাক্তাররাও লাশ ৫ ঘণ্টার বেশি সময় বাইরে রাখতে নিষেধ করেছেন। জানা যার নামাজের বিষয়ে তিনি বলেন, বৃহস্পতিবার রাতের মধ্যে পরিবারের বিদেশে অবস্থারত সদস্যরা দেশে পৌঁছন। শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমে একটিই জানাযা হবে। পরে বনানী কবস্থানে দাফন করা হবে।
সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য পিয়াস করিমের লাশ শহীদ মিনারে রাখতে প্রয়াতের স্ত্রী অধ্যাপক আমেনা মহসীন স্বাক্ষরিত একটি আবেদন মঙ্গলবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। তবে ঢাবি কর্তৃপক্ষ এ আবেদন নাকচ করে দিয়েছে। পিয়াস করিমের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার দিনব্যাপী শোক দিবসের কর্মসূচি দিয়েছে বিএনপি।