ছাত্রদলের ঘোষিত নতুন কমিটির বিরুদ্ধে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃস্পতিবারও বিক্ষোভ প্রদর্শন করেছেন পদবঞ্চিতরা । এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবকে জেলে রেখে ছাত্রদলের নতুন ঘোষণার বিরুদ্ধে স্লোগান দিতে দেখা যায় পদবঞ্চিতদের। তারা “পকেট কমিটি মানি না, মানবো না” বলে স্লোগান দেয়।
এর আগে বুধবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের পদবঞ্চিতরা। এতে নতুন কমিটিতে স্থান পেয়েছেন অথচ প্রত্যাশিত পদ পাননি এমন নেতারাও যোগ দিয়েছেন। এসময় তারা নয়া পল্টনে সাতটি এবং গুলশানে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।
উল্লেখ্য, রাজীব আহসানকে সভাপতি এবং মো. আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের (আংশিক) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২০১ সদস্য বিশিষ্ট ওই কমিটি অনুমোদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
