বাংলাদেশি ভক্তের কাণ্ডে মর্মাহত দেব

আপডেট : ২২ অক্টোবর ২০১৪, ১২:৫১
 
বাংলাদেশি এক কিশোরী পশ্চিমবঙ্গের নায়ক দেবের দেখা পাওয়ার জন্য ছাদ থেকে ঝাঁপ দেয় মঙ্গলবার। এ খবর দেবের কাছে পৌঁছলে তিনি মর্মাহত হন।
 দেব তার অফিসিয়াল ফেইসবুক পেইজে এই ভক্তের উদ্দেশে একটি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‌‌কিছুক্ষণ আগে শুনলাম, সংবাদ সৃষ্টির মাধ্যমে আমার নজর কাড়তে ছাদ থেকে ঝাপ দিয়েছেন সুমি নামে এক বাংলাদেশী। খবরটি আমাকেও আঘাত করেছে নিঃসন্দেহে। আজ ‘আমি’ বলতে যাকে দেখছো, মনে করে দেখো এটা শুধু এবং শুধুই ভক্তদের জন্য। তাই আজ যদি তুমি নিজেকে আঘাত করো, সে আঘাত আমারও লাগে। আমি অনুরোধ করছি সবাইকে এবং মিনতি করে বলছি, আমার জন্য ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে কেউ নিজেকে আঘাত করো না। আমাকে ভালোবাসো কারণ জেনে রেখো দেব সবসময় আছে তোমাদের পাশে, ঠিক তোমাদের হৃদয়ে। জীবন খুবই সুন্দর, জীবনকে উপভোগ করো। আর একজন ভক্তের চলে যাওয়া মানে আমি একজনের ভালোবাসা হারালাম।
পোস্টের শেষে সুমির দ্রুত আরোগ্য কামনা করেছেন  তিনি।
উল্লেখ্য, ১৩ বছর বয়সী স্কুল শিক্ষার্থীর নাম সুমি। রাজধানীর জুরাইন প্রাথমিক স্কুলের দোতলা ভবনের ছাদ থেকে  সে ঝাঁপিয়ে পড়ে। এত  সুমির একটি পা ভেঙ্গে যায়। সে জানায়, এরকম কাণ্ড করলে সংবাদ মাধ্যমে খবর প্রকাশ করা হবে। আর তাতে সে দেবের দেখা পাবে।