বলিউডের প্রখ্যাত অভিনেতা শাহরুখ খান ও বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা করণ জোহরের সুদীর্ঘ সম্পর্কের মাঝে ফাটল ধরেছে বলে ভারতীয় গণমাধ্যমে জানানো হয়েছে। করণ জোহরের বেশ কিছু পার্টিতে শাহরুখ খানের অনুপস্থিতি এই গুজবের জন্ম দিয়েছে।
তবে এ বিষয়ে শাহরুখ বলেছেন, ‘আমি বেশিরভাগ সময় কাজ করছি। কাজের সময় অনেক বন্ধু পাওয়া যায়। করণ জোহরের সাথে গত দুই বছরে আমি কোনো কাজ করিনি। তাই তার পেছনে ব্যয় করার মতো সময় আমার নেই।’ তিনি আরও বলেন, ‘আমি গত কিছু দিন যাবৎ ফারাহ খানের সঙ্গে কাজ করছি। এর আগে তো তার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না।’
সবশেষ ২০১২ সালে শাহরুখ খান ও করণ জোহর ‘মাই নেম ইস খান’ ছবিতে এক সঙ্গে কাজ করেছিলেন। এছাড়াও এই জুটির হাত ধরে বেরিয়ে এসেছে ‘কুচ কুচ হোতা হাই’ ও কাভি খুশী কাভি ঘামে’র মতো ব্যবসা সফল সিনেমা।
তবে এটাই সম্পর্কের ফাটল প্রমাণ করে না। কিন্তু গত দুই বছর ধরে করণ জোহরের টিভি শো ‘কফি’ তে শাহরুখ খানকে দেখা যায়নি। শাহরুখের এই জায়গা বর্তমানে পূরণ করছেন সালমান খান।
