নেত্রকোনা জেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে সৃষ্ট দ্বন্দ্বে শুক্রবার থেকে নেত্রকোনা-ঢাকা রুটে বাস ধর্মঘট শুরু হয়েছে।
সূত্র জানায়, ওই কমিটির মেয়াদ আরো ১৭ মাস থাকা সত্ত্বে কমিটি বিলুপ্ত করায় এ ধর্মঘট আহ্বান করা হয়েছে।
নেত্রকোনা সড়ক পরিবহন বাস মালিক সমিতির সাবেক সভাপতি ও নবগঠিত কমিটির আহ্বায়ক ওবায়দুল হক রতন জানান, ওই কমিটি জেলায় যাত্রী সেবার মান বৃদ্ধি করতে পারেনি। নানান অভিযোগও রয়েছে কমিটির বিরুদ্ধে। তাই নেত্রকোনার যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি-কে কমিটির বিলুপ্তির জন্য আহ্বান করা হয়। এদিকে বিলুপ্ত কমিটির সম্পাদক আরিফ খান জানান, কমিটির মেয়াদ ১৭ মাস থাকা সত্ত্বেও বেআইনিভাবে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করার কারণে পরিবহন মালিকরা ধর্মঘটের ডাক দেয়। পুরাতন কমিটিকে পুর্নবহাল না করা পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট চলবে।
অন্যদিকে বাংলাদেশ সড়ক ফেডারেশনের সাধারণ সম্পাদক এনায়েতুর রহমান কমিটি বিলুপ্ত করায় ক্ষোভ প্রকাশ করে সৃষ্ট সমস্যা সমাধানে সব পক্ষকে এগিয়ে আসতে বলেন।
