নিরাপদ কর্মসংস্থান, চাকরির নিশ্চয়তা, সামাজিক নিরাপত্তা, আদর্শ ট্রেড ইউনিয়ন, গণতান্ত্রিক শ্রম আইন প্রতিষ্ঠা, মানসম্মত উত্পাদন শিল্পের প্রসার এবং মালিক শ্রমিক সমপ্রীতিই পারে গার্মেন্ট শিল্পের আগ্রগতি ধরে রাখতে। আর এই অবস্থা সৃষ্টি করতে পারলে গার্মেন্টস শিল্প বিশ্বের প্রথম আসনে উন্নিত হবে বলে মনে করেন শ্রমিক নেতারা। তাই বিশ্ববাজরে অবস্থান ধরে রাখতে উল্লেখিত শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আহ্বানের মধ্য দিয়ে তৃতীয় জাতীয় সম্মেলন পালন করে বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। শুক্রবার বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি আলী রেজা হায়দার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন ভারপ্রাপ্ত সভাপতি মোসাদেক হোসেন। আরো উপস্থিত ছিলেন আমেরিকান সলিটারিটি এন্টার প্রজেক্ট ডিরেক্টর অ্যালিঞ্জি গ্রিন শুসানসহ শ্রমিক নেতৃবৃন্দ।
আওয়ামী লীগ সরকারের আমলে শ্রমিকদের স্বার্থ রক্ষা হয় উল্লেখ করে মন্ত্রী শাজাহান খান বলেন, বেতন বৃদ্ধি, কার্যকর ট্রেড ইউনিয়নের অধিকার আমরাই শ্রকিদের দিয়েছি। ফলে দেশে নতুন আরও দুই শর অধিক ট্রেড ইউনিয়ন নিবন্ধন হয়েছে। আমরাই দুর্ঘটনায়য় ক্ষতিগ্রস্ত শ্রমিকের ক্ষতিপূরণ ও দায়ী মালিকের শাস্তির ব্যবস্থা করেছি। তিনি আরো বলেন, আমার শ্রমিক নেতা কার্যক্রম নিয়ে কেউকেউ সমালোচনা করে। আমি তাদের জানাতে চাই মন্ত্রী থাকি কিংবা না থাকি, মৃত্যুর আগে পর্যন্ত শ্রমিকদের জন্য কাজ করে যাব।
অ্যালিঞ্জি গ্রিন শুসান শ্রমিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। তিনি এ দেশে চার বছর কাজের অভিজ্ঞতার আলোকে নারী শ্রমিকের প্রশংসা করেন। তিনি বলেন, পাঁচ হাজার কারখানার জন্য দুই-তিন শ ট্রেড ইউনিয়ন অবশ্যই যথাযথ নয়।
গার্মেন্টস নেতা আমিনুল হক আমিন পাঁচ বছরে গার্মেন্টস শিল্প দ্বিগুণ হতে পারে উল্লেখ করে সরকার ও মালিক শ্রেণীকে সেই লক্ষ্যে প্রস্তুত হওয়ার তাগিদ দেন। নিতি শ্রমিকদের বাসস্থান ও চিকিত্সা সেবা নিশ্চিত করার দাবিও তুলে ধরেন।
বাংলাদেশ সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক মইনুদ্দিন মণ্ডল স্বাগত বক্তব্যে নারী শ্রমিকের হয়রাণি বন্ধের আহ্বান করেন। মোসাদেক হোসেন উদ্বোধনী ভাষণে কোটিপতি মালিকদের নির্মম ব্যবহারের সমালোচনা করেন। পরে সভাপতি আলী রেজা হায়দার, সাধারণ সম্পাদক মইনুদ্দিন মণ্ডল তাদের পদে পুর্ননিবাচিত হন। অনুষ্ঠানে ভাষা সৈনিক আবদুল মতিনসহ রানা প্লাজা ও তাজরিন গার্মেন্টস দুর্ঘটনায় নিহত শ্রমিকদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
