চলমান ভারত সফর বাতিল করল ওয়েস্ট ইন্ডিজ

আপডেট : ১৭ অক্টোবর ২০১৪, ১৮:৩৬



পাওনা পরিশোধ নিয়ে বিরোধ না মেটায় শেষ পর্যন্ত চলমান ভারত সফর বাতিল করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। দেনা-পাওনা নিয়ে বেশ কয়েক দিন যাবতই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) এবং ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার্স এসোসিয়েশনের (ডব্লিউআইপিএ) মধ্যে বিরোধ চলছিল। ক্যারিবিয় দলটি ভারত সফরে আসার পরও মাঠে না নামার হুমকি দিয়েছিল। কিন্তু অনেক আলোচনার পর তারা খেলতে রাজি হয়। তবে বোর্ড এবং খেলোয়াড় সমিতির সঙ্গে পাওনা অবকাঠামো নিয়ে সৃষ্ট বিরোধের নিষ্পত্তি না হলে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজ দল তাদের ভারত সফর বাতিলের সিদ্ধান্ত নেয়।
উভয় দলের মধ্যে চলমান ওয়ানডে সিরিজে ধর্মশালার চতুর্থ ম্যাচটিই এবার ওয়েস্ট ইন্ডিজ দলের শেষ ম্যাচে পরিণত হচ্ছে।
প্রকাশিত রিপোর্ট অনুযায়ি আজ সকালেই টিম ম্যানেজমেন্ট তাদের সিদ্ধান্তের কথা বোর্ডকে জানিয়ে দিয়েছে।
উল্লেখযোগ্য, এটা ছিল নিজ মাঠে ভারতীয় দলের প্রথম সিরিজ। সিরিজ বাতিল হওয়া মানে পঞ্চম ও শেষ ওয়ানডে আর অনুষ্ঠিত হচ্ছে না। এ ছাড়া এক মাত্র টি-২০ এবং তিন ম্যাচের টেস্ট সিরিজও হচ্ছে না। প্রকাশিত রিপোর্ট অনুযায়ি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সফরের জন্য বিকল্প হিসেবে অন্য কোন দলের কথা বিবেচনা করছে।
আজ সকালে ওয়েস্ট ইন্ডিজ দলের ম্যানেজার রিচি রিচার্ডসন ই-মেইলের মাধ্যমে তাদেরকে জানিয়ে দিয়েছে বলে বিসিসিআই’র এক উর্ধ্বতন কর্মকর্তা বিবৃতিতে জানিয়েছেন।
দেনা-পাওনা নিয়ে ডব্লিউআইপিএ’র সঙ্গে বিরোধের কারণে ওয়েস্ট ইন্ডিজ খেলোয়াড়রা তাদের প্রতিবাদ অব্যাহত রেখেছেন এবং প্রতিবাদ হিসেবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যারিবিয় খেলোয়াড়রা কালো ব্যাজ ধারণ করে মাঠে নামেন। খবর বাসসের।