ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ তামিল নাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী জয়রাম জয়ললিতাকে শর্তসাপেক্ষে দুই মাসের জামিন দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। দুর্নীতির অভিযোগে দেশটির অন্যতম বিতর্কিত ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী জয়ললিতাকে সেপ্টেম্বরে চার বছরের কারাদণ্ডে দণ্ডিত করে জেলে পাঠায় কর্নাটকের উচ্চ আদালত।
সর্বোচ্চ আদালত শুক্রবার কর্নাটক রাজ্যের হাইকোর্টে দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও নথি যথাযথভাবে দেয়ার শর্তে তাকে দুই মাসের জামিন দিয়েছে। ২৭ সেপ্টেম্বর থেকে জেলে ছিলেন জয়ললিতা।
জয়ললিতার আইনজীবীরা অসুস্থতা ও উচ্চতর আদালতে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলছে বিধায় ৬৬ বছর বয়সী সাবেক এই মুখ্যমন্ত্রীর জামিন পাওয়া উচিৎ বলে সরব হন। কিন্তু আদালত জয়ললিতাকে সকর্ত করে জানিয়ে দিয়েছে, তিনি যদি শর্তপূরণ করতে ব্যর্থ হন তবে জামিনের মেয়াদ একদিনও বাড়ানো হবে না।
১ কোটি ডলারের অবৈধ সম্পদ রাখায় ১৮ বছর আগে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল। খবর বিবিসির।
