ইবোলা প্রতিরোধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা: নাসিম

আপডেট : ১৮ অক্টোবর ২০১৪, ১৭:৫৩
 
 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, প্রানঘাতি ইবোলা ভাইরাস প্রতিরোধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রনালয়। ম্যালেরিয়া, গুটি বসন্ত, পোলিওসহ অনেক রোগ নির্মূল করা হয়েছে। ইবোলা ভাইরাস প্রতিরোধেও বর্তমান সরকার কার্যকর ভূমিকা পালন করছে। বিশ্বের অনেক উন্নত দেশের মানুষ এ রোগে আক্রান্ত হলেও তাত্ক্ষনিক ব্যবস্থা গ্রহণ করায় বাংলাদেশে এখন পর্যন্ত এ রোগ দেখা যায়নি। এখনও এদেশের মানুষ নিরাপদে আছেন।
শনিবার দুপুরে সিরাজগঞ্জে জেলা প্রশাসক কার্যলয়ের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে ‘মান উন্নীত ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিরাপদ প্রসব নিশ্চিতকরণ’ বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবার পরিকল্পনা বিভাগকে ঢেলে সাজানোর কথা উল্লেখ করে নাসিম বলেন, গ্রামীণ জনপদের প্রসব বেদনায় কাতর কোন মা-বোন যেন অবহেলার শিকার না হয সে জন্য মাঠকর্মীদের সচেতন ভূমিকা পালন করতে হবে।
পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক নুর হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্ল­াত মুন্না, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক  ডা. মোহাম্মদ শরীফ, ডা. সঞ্জয় কুমার চন্দ, ডা. তাপস রঞ্জন দাস, সিভিল সার্জন ডা. শামসুদ্দিন, কামারখন্দ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী আকন্দ, মোজাম্মেল হক সরকার বকুল, মাঠকর্মী নাসরিন সুলতানা প্রমুখ।
কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মী. উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশ নেন।
এর আগে সকালে মন্ত্রী সিরাজগঞ্জে প্রস্তাবিত শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজের অস্থায়ী ক্যাম্পাসের কাজের অগ্রগতি ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন।