দেশ নিয়ে ভয়ংকর ষড়যন্ত্র চলছে : মির্জা ফখরুল

আপডেট : ১৮ অক্টোবর ২০১৪, ২০:১৩
 
 বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল  ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেশে বিভক্তির রাজনীতি শুরু করেছে। দেশকে নিয়ে ভয়ংকর ষড়যন্ত্র চলছে। নীল নকশার মাধ্যমে দেশীয় সংস্কৃতিকে ধ্বংস করার পাঁয়তারা চলছে। তবে তারা কখনো তাদের উদ্দেশ্যে সফল হবে না। এ দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেই অতীতে তাদের অধিকার প্রতিষ্ঠা করেছে। যারা মানুষের অধিকার হরণ করতে চায় তারা কখনোই সফল হতে পারেনি, পারবেও না। তীব্র গণআন্দোলনের মাধ্যমেই আমাদের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, কথা বলার অধিকার ফিরিয়ে আনব।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক ড. পিয়াস করিম স্মরণে আয়োজিত নাগরিক শোকসভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ এই শোকসভার আয়োজন করে। পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রুহুল আমিন গাজীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা পরিচালক ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক শফিক রেহমান, পিএসসির সাবেক চেয়ারম্যান জিন্নাতুন নেসা তাহমিদা বেগম, ফরহাদ মজহার, কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহীম, জাতীয় প্রেসক্লাবে সাবেক সভাপতি শওকত মাহমুদ প্রমুখ।