মুন্সীগঞ্জে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই, সংঘর্ষে ৭ পুলিশসহ আহত ১৫

আপডেট : ১৮ অক্টোবর ২০১৪, ২২:৪১
 
 
মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের উপর হামলা চালিয়ে হত্যা মামলার পলাতক আসামি সায়েম মিয়াকে (৩৩) বিপুল সংখক ইয়াবাসহ ছিনতাই করে নিয়ে গেছে তার সহযোগীরা। শনিবার রাতে উপজেলার আরধিপাড়া নাপিতবাড়ি টেক্কা মাকের্টের কাছে এই ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে সাত পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানান, শ্রীনগর থানা থেকে প্রায় এক কিলোমিটার দূরে উক্ত স্থানে সায়েমকে আটক এসআই মোস্তাফিজুর রহমান ও এএসআই শওকত আটক করার পরপরই এই হামলা চালায়। খবর পেয়ে শ্রীনগর থানায় কর্তব্যরত আরও ১৫/২০ জন পুলিশ ঘটনাস্থলে গেলে মাদক ব্যবসায়ীরা মাইকিং করে লোকজন জড়ো করে তাদের উপরও হামলা চালায়। এই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি চার্জ করলে সংঘর্ষ বেধে যায়। এতে আরো আটজন আহত হয়।
শ্রীনগর থানার ওসি মুজিবুর রহমান জানান, আহতদের মধ্যে এসআই মোস্তাফিজুর রহমান, এএসআই শওকত, এএসআই আরফান, এসআই আশরাফ ও কনস্টেবল নজরুল ইসলামকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ইয়াবা ট্যাবলেট, ফেনসিডিল ও বিপুল পরিমান মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শরিফ (২৬), টিটু হোসেন (১৯), শাহিন হোসেন (২২) ও আজিজ শেখ (৪৫) নামে চারজনকে আটক করা হয়েছ। ছিনিয়ে নেয়া আসামিকে গ্রেফতারে পুলিশ বিশেষ অভিযানের প্রস্তুতি নিয়েছে। মুন্সীগঞ্জ পুলিশ লাইন থেকে অতিরিক্ত পুলিশ তলব করা হয়েছে।